দেশের মানুষ হইলো বেহুঁশ
হারাইয়া স্বজন
বানের তোড়ে ভাইসা গেছে
কত আপন জন।।
সেদিন রাতে আইলো ঝড়
পাহাড় বরাবর,
তুফান আইয়া কাইড়া নিল
তামাম বাড়ী ঘর,
উজাড় কইরা লইয়া গেল
সবুজ গাছ আর বন।।
বুড়ীর চরের সবাই গেছে
বাঁইচা আছে বুড়ী,
বিরান ভিটায় অবোধ শিশু-
আছে মানব কুঁড়ি,
কেমন ধারায় বাঁচাও মরাও
বোঝেনা এ মন।।
বিরান দেশে আসলে সওয়াল
জবাব পাইমু না,
কাইন্দা কাইট্টা বুক ভাসাইবো
হাজার জনের মা,
কোন খানেতে ভাইসা গেছে
ওদের বুকের ধন।।
-আবু জাফর মোহাম্মদ ওবায়েদুল্লাহ-